Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামীতে সংসদের সকল কার্যক্রম সৌরবিদ্যুতে পরিচালনার মহাপরিকল্পনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:০২

সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে জাতীয় সংসদের সব কার্যক্রমে সৌরবিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনার কথা বলেছেন বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল কার্যক্রমে ন্যাশনাল গ্রিড থেকে কোনো বিদ্যুৎ না নিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের ইচ্ছা প্রকাশ করেছেন।’

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

সংসদ সদস্য হেলেন জেরিন খান দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নোটিশটি উত্থাপন করেন।

তিনি বলেন, ‘সরকার রামপালে ৪৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এবং মাতারবাড়ী কোল পাওয়ার প্রকল্পের অ্যাশ পয়েন্টের জন্য নির্ধারিত স্থানে ৭০ মেগাওয়াট ক্ষমতার আরও একটি প্রকল্প হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে বিভিন্ন সামাজিক সুবিধার কার্ড বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৩টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে, যার সাথে বিদ্যুৎ বিভাগও যুক্ত হয়েছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ফলে জ্বালানি আমদানির বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘তরুণ ও যুব সমাজের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে।’

নদীমাতৃক বাংলাদেশে নদীর বিশাল জলরাশি ও রুফটপ সোলারের পরিকল্পনা প্রসঙ্গে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড় সৌর প্রকল্পের জন্য পিপিপি পদ্ধতিতে সরকার জমি প্রদান করবে, কারণ বিনিয়োগকারীদের নিজ খরচে জমি কিনতে গেলে বিদ্যুতের মূল্য ও প্রকল্প ব্যয় দুটিই বাড়বে।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি দফতরের পতিত জমি যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে প্রায় তিনশত একর জমি চিহ্নিত করা হয়েছে, যা ইনভেস্ট বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যে নীতিমালা প্রণয়নসহ আগ্রহী বিনিয়োগকারীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর