Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্লাস্টিক দূষণের দায় কার?

ড. মতিউর রহমান
৯ নভেম্বর ২০২৬ ২০:২৭

২০০২ সালে বাংলাদেশ বিশ্বে প্রথম পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। পরিবেশ সুরক্ষায় এটি ছিল একটি সাহসী পদক্ষেপ। কিন্তু দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি; বরং প্লাস্টিকের বহুমুখী ব্যবহার ও বর্জ্য দূষণ নতুন মাত্রা পেয়েছে। রাজধানীর নালা-নর্দমা থেকে শুরু করে নদী, কৃষিজমি, সমুদ্র ও মানুষের শরীর—কোথাও প্লাস্টিক দূষণের বিস্তার থেমে নেই। প্রশ্ন হচ্ছে, নিষেধাজ্ঞা, সচেতনতামূলক প্রচারণা ও নানা সরকারি উদ্যোগের পরও কেন এই দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সমস্যাটি কি কেবল নাগরিকদের অসচেতনতা, নাকি এর পেছনে রয়েছে উৎপাদন, বিপণন, ভোগ ও বর্জ্য ব্যবস্থাপনার গভীর কাঠামোগত সংকট?

বিজ্ঞাপন

এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হলো গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রকাশিত ‘প্লাস্টিক দূষণ চক্রে জীবন ও প্রকৃতি’ (Life and Nature in the Cycle of Plastic Pollution) গ্রন্থটি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ৩৫ অধ্যায়ের এই বইটি এ কে এম মাকসুদের নেতৃত্বে সাতজন লেখকের সম্মিলিত প্রচেষ্টার ফসল। প্লাস্টিকের উৎপাদন ও অর্থনৈতিক গুরুত্ব থেকে শুরু করে পরিবেশ, জনস্বাস্থ্য, শ্রমিকের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নীতিগত করণীয়—বিষয়গুলোকে একটি সামগ্রিক কাঠামোয় উপস্থাপন করা হয়েছে। বইটির সবচেয়ে বড় শক্তি হলো, এটি প্লাস্টিককে শুধু দৈনন্দিন ব্যবহার্য একটি পণ্য হিসেবে দেখেনি; বরং এর উৎপাদন থেকে পরিত্যক্ত হওয়া পর্যন্ত পুরো জীবনচক্রের সঙ্গে মানুষ, অর্থনীতি ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ করেছে।

প্লাস্টিকশিল্পের অর্থনৈতিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। লেখকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে প্লাস্টিক পণ্যের বাজারের মূল্য প্রায় ৫৭০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে এই শিল্পের অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। দেশে পাঁচ হাজারের বেশি প্লাস্টিক কারখানা এবং প্রায় ২৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এ খাতে প্রায় ১২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ প্লাস্টিকশিল্প দেশের উৎপাদন, বাণিজ্য, কর্মসংস্থান ও রপ্তানির সঙ্গে গভীরভাবে যুক্ত।

সরকারের প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩-এ এ খাতে বার্ষিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি, ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলারের বাজার সৃষ্টি এবং ২০২৮ সালের মধ্যে পাঁচ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু এখানেই একটি মৌলিক প্রশ্ন সামনে আসে: পরিবেশের ধারণক্ষমতা ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় না নিয়ে কেবল শিল্পের প্রবৃদ্ধি বাড়ানো কতটা যুক্তিসংগত? অর্থনৈতিক উন্নয়নের নামে এমন কোনো উৎপাদনব্যবস্থা গড়ে তোলা যায় না, যার পরিবেশগত ও সামাজিক মূল্য শেষ পর্যন্ত সাধারণ মানুষকে বহন করতে হয়। বইটি শিল্পের অর্থনৈতিক সম্ভাবনা এবং পরিবেশগত ক্ষতির এই দ্বন্দ্বকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

প্লাস্টিক ব্যবহারের বিস্তার ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা বাংলাদেশের জন্য বড় উদ্বেগের বিষয়। বইয়ে উদ্ধৃত তথ্য অনুযায়ী, শহরাঞ্চলে মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২০০৫ সালে তিন কেজি থাকলেও ২০২০ সালে তা বেড়ে নয় কেজিতে দাঁড়িয়েছে। একই সময়ে ঢাকায় দৈনিক প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ১৭৮ টন থেকে বেড়ে ৬৪৬ টনে পৌঁছেছে। রাজধানীর মোট প্লাস্টিক বর্জ্যের মাত্র ৩৭ শতাংশের মতো পুনর্ব্যবহার করা হয়। দেশের প্রায় ৮৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে বলে বইটিতে উল্লেখ করা হয়েছে।

এই পরিসংখ্যান শুধু বর্জ্য ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, আমাদের উন্নয়ন পরিকল্পনার একটি বড় অসংগতিও প্রকাশ করে। একদিকে প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার বাড়ছে, অন্যদিকে সেই বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠছে না। ফলে প্লাস্টিকের তাৎক্ষণিক সুবিধা ভোগ করছে উৎপাদক, বিপণনকারী ও ভোক্তারা; কিন্তু দীর্ঘমেয়াদি ক্ষতির বোঝা বহন করছে সমাজ ও প্রকৃতি।

বইটির স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্লাস্টিক বর্জ্য নালা-নর্দমা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করছে, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে এবং কৃষিজমির মাটির গুণগত মানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। নদী ও সমুদ্রে প্লাস্টিক জমে জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হচ্ছে। খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরেও প্রবেশ করছে। বইটিতে মানুষের শরীরে প্লাস্টিক কণা জমার সম্ভাব্য ঝুঁকি এবং মাছের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি নিয়ে বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে।

এখানে একটি বিষয় বিশেষভাবে বিবেচনার দাবি রাখে। প্লাস্টিক দূষণকে আমরা প্রায়ই পরিবেশ রক্ষার আলোচনায় সীমাবদ্ধ রাখি। অথচ এটি ক্রমেই জনস্বাস্থ্যের সমস্যায় পরিণত হচ্ছে। বিশুদ্ধ পানি, নিরাপদ খাদ্য, সুস্থ পরিবেশ এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে শিশু, নারী, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং প্লাস্টিক উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। প্লাস্টিক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে আলোচনায় এনে বইটি একটি গুরুত্বপূর্ণ মানবিক দিক উন্মোচন করেছে।

গ্রন্থটির দুটি অধ্যায় বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হলো অনানুষ্ঠানিক বর্জ্য সংগ্রাহকদের জীবন ও জীবিকা। বাংলাদেশে আনুমানিক চার লাখ মানুষ বর্জ্য সংগ্রহের সঙ্গে যুক্ত। তারা পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করে পুনর্ব্যবহারযোগ্য উপকরণের সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাদের অধিকাংশের নেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সামাজিক সুরক্ষা কিংবা নিরাপদ কর্মপরিবেশ। নগরীর পরিচ্ছন্নতা ও পুনর্ব্যবহার অর্থনীতিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রীয় পরিকল্পনায় তারা প্রায় অদৃশ্য।

বইটি যথার্থভাবেই তাদের কেবল বর্জ্য সংগ্রাহক হিসেবে নয়, বরং পরিবেশ ব্যবস্থাপনার অপরিহার্য অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তাদের নিবন্ধন, স্বাস্থ্যসুরক্ষা, ন্যায্য পারিশ্রমিক এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে একদিকে তাদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে প্লাস্টিক পুনর্ব্যবহারব্যবস্থাও শক্তিশালী হবে।

অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়টি হলো গ্রিনওয়াশিং বা পরিবেশবান্ধবতার নামে বিভ্রান্তিকর প্রচারণা। পরিবেশ রক্ষার নামে অনেক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও কার্যক্রমকে পরিবেশবান্ধব হিসেবে উপস্থাপন করে, যদিও উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের বাস্তব ভূমিকা ভিন্ন হতে পারে। একইভাবে নদী ও সমুদ্র থেকে প্লাস্টিক অপসারণের প্রযুক্তিনির্ভর উদ্যোগকে অনেক সময় দূষণ মোকাবিলার বড় সমাধান হিসেবে প্রচার করা হয়। কিন্তু দূষণের উৎস নিয়ন্ত্রণ না করে শুধু বর্জ্য পরিষ্কারের উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না। উৎপাদন ও বাজারজাতকরণের পর্যায়ে দায়বদ্ধতা নিশ্চিত না হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ অনেক ক্ষেত্রেই সমস্যার মূল কারণ আড়াল করে।

এই জায়গায় বইটির একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, প্লাস্টিক দূষণের দায় শুধু ভোক্তার নয়। একজন মানুষ প্লাস্টিকের বোতল বা প্যাকেট ব্যবহার করে যত্রতত্র ফেলে দিতে পারেন—এটি অবশ্যই দায়িত্বহীন আচরণ। কিন্তু বাজারে সেই পণ্য উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা, অতিরিক্ত প্যাকেজিং, পুনর্ব্যবহারের অপ্রতুল সুযোগ এবং দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থার দায়ও সমানভাবে বিবেচনায় নিতে হবে। উৎপাদক, ব্র্যান্ড মালিক, ব্যবসায়ী, স্থানীয় সরকার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান—প্রত্যেকের দায়িত্ব রয়েছে। ভোক্তার সচেতনতা প্রয়োজন, কিন্তু প্রাতিষ্ঠানিক জবাবদিহি ছাড়া সেই সচেতনতা দিয়ে সংকটের সমাধান সম্ভব নয়।

নীতিগত সুপারিশের ক্ষেত্রে বইটি কয়েকটি কার্যকর পথ নির্দেশ করেছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও স্টাইরোফোমের ব্যবহার নিষিদ্ধ বা পর্যায়ক্রমে বন্ধ করা, ডিপোজিট রিটার্ন স্কিম চালু, উৎপাদকের সম্প্রসারিত দায়বদ্ধতা কার্যকর এবং প্লাস্টিক ব্যবহারের পরিমাণ সম্পর্কে কোম্পানিগুলোর স্বচ্ছ তথ্য প্রকাশ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বর্জ্য সংগ্রাহকদের সামাজিক ও পেশাগত সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এর ব্যবহার বন্ধ করা যায়নি। এর অন্যতম কারণ দুর্বল আইন প্রয়োগ, অনিয়ম, বিকল্প পণ্যের সহজলভ্যতার অভাব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা। অতএব, নতুন নীতিমালা বা নিষেধাজ্ঞা ঘোষণার পাশাপাশি সেগুলোর বাস্তবায়ন ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তবে শিল্পের রূপান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি প্লাস্টিক উৎপাদকদের রাতারাতি পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় রূপান্তর করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সহজ শর্তে অর্থায়ন, আধুনিক প্রযুক্তি, কারিগরি প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব বিকল্প পণ্যের বাজার সৃষ্টি। অন্যথায় পরিবেশ রক্ষার উদ্যোগ কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করেই কার্যকর রূপান্তরের পথ তৈরি করতে হবে।

বইটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিভিন্ন অধ্যায়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন ও আন্তর্জাতিক গবেষণা থেকে সংগৃহীত তথ্যের ব্যবহার লক্ষ করা যায়। নিজস্ব মাঠপর্যায়ের গবেষণা, মৌলিক উপাত্ত ও স্থানীয় অভিজ্ঞতার ব্যবহার আরও বাড়ানো গেলে গ্রন্থটি অধিকতর সমৃদ্ধ হতো। কিছু ক্ষেত্রে পরিসংখ্যানের উৎস ও সময়কাল আরও স্পষ্ট করা প্রয়োজন ছিল। বিশেষ করে প্লাস্টিক দূষণসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি, উৎপাদকদের দায়বদ্ধতা এবং বাংলাদেশের নীতিগত অগ্রগতি নিয়ে পরবর্তী সংস্করণে হালনাগাদ আলোচনা যুক্ত করা যেতে পারে। এসব সীমাবদ্ধতা বইটির সামগ্রিক গুরুত্বকে খাটো করে না; বরং ভবিষ্যৎ সংস্করণকে আরও তথ্যনির্ভর ও গবেষণাসমৃদ্ধ করার সুযোগ তৈরি করে।

সব মিলিয়ে ‘প্লাস্টিক দূষণ চক্রে জীবন ও প্রকৃতি’ সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর বিশেষত্ব হলো, এটি প্লাস্টিক দূষণকে ব্যক্তিগত অসচেতনতার বিচ্ছিন্ন সমস্যা হিসেবে দেখেনি; বরং উৎপাদন, বিপণন, ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের আলোকে বিশ্লেষণ করেছে। নীতিনির্ধারক, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ পাঠকদের জন্য বইটি গুরুত্বপূর্ণ পাঠ্য হতে পারে।

প্লাস্টিক আমাদের আধুনিক জীবনের প্রয়োজনীয় উপাদান হয়ে উঠেছে। কিন্তু প্রয়োজনের নামে এর অনিয়ন্ত্রিত উৎপাদন ও ব্যবহারকে স্বাভাবিক বলে মেনে নেওয়ার সুযোগ নেই। উন্নয়ন মানে শুধু শিল্পের প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান বৃদ্ধি নয়; উন্নয়নের সঙ্গে মানুষের স্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও যুক্ত। তাই প্লাস্টিক দূষণ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উৎপাদকদের দায়বদ্ধতা, কার্যকর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলা জরুরি। বইটি আমাদের সেই মৌলিক সত্যের মুখোমুখি দাঁড় করায়—প্লাস্টিকের সুবিধা যদি সবাই ভোগ করে, তবে এর ক্ষতির দায়ও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া যায় না।

লেখক: গবেষক ও উন্নয়নকর্মী