Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎৪ বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের সেই শরীফ ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৮:৫০

মো. শরীফ উদ্দীন

ঢাকা: ‎প্রায় ৪ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন শেষ পর্যন্ত তার চাকরি ফিরে পেয়েছেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে সসম্মানে চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা এবং অন্যান্য সব সুযোগ-সুবিধাও পাবেন।

‎মঙ্গলবার ১০ নভেম্বর দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই আদেশ জারি করা হয়।
‎
‎এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত অবস্থায় বিতর্কিত ৫৪(২) বিধি প্রয়োগ করে শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে ২০২৫ সালের ৯ জুলাই আদালত তার পক্ষে রায় দেন। রায়ে অপসারণের আদেশ বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল এবং জ্যেষ্ঠতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত থেকে দুদক সরে আসে এবং গত ৫ নভেম্বর কমিশনের সভায় তাকে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
‎
‎দুদকের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস কোম্পানির নানা অনিয়ম অনুসন্ধান করে ব্যাপক আলোচনায় এসেছিলেন শরীফ। ২০২১ সালে রোহিঙ্গাদের এনআইডি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বাদীও ছিলেন তিনি। চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলির মাত্র আট মাসের মাথায় তাকে চাকরি হারাতে হয়েছিল। সে সময় পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে হত্যার হুমকির জিডি করার ১৬ দিনের মাথায় তাকে অপসারণ করা হয়।
‎
‎শরীফকে অপসারণের পর দুদকের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল এবং বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি) এ বিষয়ে প্রশ্ন তুলেছিল। তবে দুদক তখন দাবি করেছিল, কমিশনের শৃঙ্খলা রক্ষার্থেই বিধি অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে। শেষ পর্যন্ত দীর্ঘ আইনি লড়াই এবং আদালতের রায়ের মাধ্যমে তার চাকরি ফিরে পাওয়ার পথ পুরোপুরি সুগম হলো।

বিজ্ঞাপন