কুমিল্লা: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সরকার নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের সরাসরি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা ও সহজ আর্থিক সুবিধা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে, যা কৃষি উৎপাদনকে আরও গতিশীল করবে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকদের উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে সার ও কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়ায় কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে কৃষি আরও লাভজনক হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন, জীবনমান বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যতেও কৃষকদের সক্ষমতা বাড়াতে আরও নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
অনুষ্ঠান শেষে মন্ত্রী নির্বাচিত কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুমিল্লায় মোট ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে এ কার্ড বিতরণ করা হয়েছে।