Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১০:০০

ঢাকা: জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাকায় গণমিছিল করবে ১১ দলীয় ঐক্য।

১১ দলীয় ঐক্য’র সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় বিজয়নগর পানির ট্যাংক মোড় থেকে ঢাকা মহানগর ১১ দলের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে ১১ দলের শীর্ষ নেতা ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন। এই গণমিছিল শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১১দলীয় শীর্ষ নেতাদের বৈঠকের পর ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

কর্মসূচির মধ্যে রয়েছে—১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে গণমিছিল এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল।

এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ অন্যান্যরা।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ধাপের কর্মসূচি শেষে পরবর্তী ধাপে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ১১ দলের উদ্যোগে বিশাল সমাবেশ হবে। সমাবেশসহ কর্মসূচির দিনক্ষণ পরবর্তী সময়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ঠিক হবে। এরপর ১১ দল রাজধানীতে বিশাল সমাবেশ করবে। সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণরায় মানছে না। গণভোটের রায় বাস্তবায়নই ১১ দলের আন্দোলনের প্রধান লক্ষ্য। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ১১ দল দফায় দফায় কর্মসূচি দেবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর