Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনেস্কো-এপিসিআইসি সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২২:০০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১০:০৬

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – ছবি : সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬ এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো-এর সহযোগী আঞ্চলিক প্ল্যাটফর্ম এপিসিআইসি’র পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, এনসিপির প্রতিনিধি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি’র অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক ইমেইলের মাধ্যমে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এপিসিআইসি মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। শহরগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নত নগরায়ণের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই ফোরামকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, এপিসিআইসি হলো ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস এর সাতটি আঞ্চলিক জোটের একটি। ২০০৬ সাল থেকে সংস্থাটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে কাজ করে আসছে।

সারাবাংলা/টিএম/এসআর