রাজবাড়ী: কাল বৈশাখী ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই দফা ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) রাত ২টা ৫০ মিনিটে ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে রাত সাড়ে ৩টায় ফেরি পুনরায় চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত ১০ টা ৩৫ মিনিটে বন্ধ হয়ে চলাচল স্বাভাবিক হয় রাত ১১ টা ১০ মিনিটে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আটকে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঝড় ও বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ১০ টা ৩৫ মিনিটে বন্ধ করা হয় এবং ফেরি চলাচল স্বাভাবিক হয় রাত ১১ টা ১০ মিনিটে। এরপর আবার রাত ২টা ৫০ মিনিটে ঝড় ও বাতাসে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠার কারণে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বাভাবিক হলে রাত সাড়ে ৩টায় ফেরি পুনরায় চলাচল স্বাভাবিক হয়। সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।