Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৯:৩২

প্রতীকী ছবি।

ঢাকা: সিলেট জেলার ওপর দিয়ে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বার্তায় বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া এই বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল এই আবহাওয়ার কারণে সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

এদিকে, রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম অনুভূত হলেও উত্তর ও পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর