Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবিতে কোনো হাসপাতাল চট্টগ্রামবাসী মেনে নেবে না: চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৪:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৩১

চট্টগ্রাম: চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র শাহাদাত হোসেন। এ বিষয়ে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র।

রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচু তলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন তিনি।

আজ সিআরবি এলাকায় ‘রেলওয়ের প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের স্থান’ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী শেখ রবিউল আলমের। মন্ত্রীর পরিদর্শনের খবর সামনে আসার পর গেল দুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন তীব্র ক্ষোভ জানিয়েছে।

বিজ্ঞাপন

মেয়র বলেন, আপনাদের এই আশাবাদ ব্যক্ত করছি এখানে অনেক কথা আসছে সিআরবি নিয়ে। আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, যে এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না। উনিও এ ব্যাপারে একমত। উনি বলেছেন, পুরানো যে হসপিটালটা আছে সেই হসপিটালটা উনি দেখবেন। ওই হসপিটালটার ইনফ্রাসট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে কিভাবে একটা সুন্দর হসপিটাল করা যায়। এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হসপিটালটায় রোগী আসে না।

তিনি আরও বলেন, ‘এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি এরই মধ্যে। একটা পূর্ণাঙ্গ মেডিকেল হসপিটাল এবং কলেজের কথা বলেছি। কাজেই ওই জায়গায় আমরা হয়ত বা আশা করতে পারি পুরনো বিল্ডিংয়ে। কিন্তু নতুন কোন স্থাপনা সেখানে হবে না।’

উল্লেখ্য, ২০২২ সালে একই স্থানে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত ঘোষণার পর চট্টগ্রামজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন টানা এক বছরের ও বেশি সময় ধরে আন্দোলন চালায়। সেই আন্দোলনের মুখে এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার ঘোষণা দেয়।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর