Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমালিল্যান্ডে দূত নিয়োগ, ইসরায়েলের নিন্দায় বাংলাদেশসহ ১২ দেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৫:২৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:১৬

সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এ কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরবসহ একাধিক আরব এবং মুসলিম দেশ।

ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে তারা। সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, সৌদি আরব এবং বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ শনিবার ইসরায়েলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এ কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণার নিন্দা জানিয়েছে।

সৌদি আরব, মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগ ‘সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন’।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, রাষ্ট্রগুলোর ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে— এমন সব একতরফা পদক্ষেপ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

বিবৃতিতে বলা হয়, এই ধরনের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের সংবিধানের মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন’। একই সঙ্গে এটি বিপজ্জনক নজিরও তৈরি করছে, যা হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা দুর্বল করে দিতে পারে।

সারাবাংলা/একে/ইআ