ঢাকা: রাজধানীর মিরপুর থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছের-কে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফজাল নাছের-কে গ্রেফতার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি এলাকায় চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের ৫০০ থেকে ৭০০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং শেখ মামুন খালেদের নির্দেশে গুলি ছোড়া হয়।
এ ঘটনায় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
ঘটনার পর ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় এ মামলা দায়ের করা হয়।