Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ মে থেকে শুরু হচ্ছে সরকারি ধান-চাল ও গম সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৩:৫৬

ঢাকা: চলতি বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ মে থেকে এই সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

সভায় নির্ধারিত সংগ্রহ মূল্য অনুযায়ী, প্রতি কেজি বোরো ধান ও গম ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ধান ও গম সংগ্রহ ৩ মে থেকে শুরু হলেও চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।

চলতি মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বোরো ধান ৫ লাখ টন, সিদ্ধ চাল ১২ লাখ টন, আতপ চাল ১ লাখ টন এবং গম ৫০ হাজার টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতির বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি গুদামে বর্তমানে ১৭ থেকে ১৮ লাখ টন চাল মজুত রয়েছে, যা পর্যাপ্ত। এছাড়া দেশে গমের বার্ষিক চাহিদা ৮০ লাখ টনের বিপরীতে উৎপাদন হয় ৭০ থেকে ৭২ লাখ টন; ঘাটতি থাকা বাকি ৮ লাখ টন গম সরকারি পর্যায়ে (জি টু জি) আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সভায় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে