ঢাকা: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান কোর কমিটি পুনর্গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখার উপসচিব কে এম ইয়াসির আরাফাতের সই করা এক প্রজ্ঞাপনে এই পুনর্গঠনের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
পুনর্গঠিত এই উচ্চপর্যায়ের কোর কমিটিতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এসএসএফ মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, বিজিবি মহাপরিচালক, আনসার ও ভিডিপি অধিদফতরের মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, এনটিএমসি মহাপরিচালক, র্যাব মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক।
এছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।