Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-সেনেগাল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ২০:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২৩:৩৬

– ছবি : সংগৃহীত

রাজনৈতিক সংলাপ এবং বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও সেনেগাল।

আফ্রিকায় চলমান শান্তি ও নিরাপত্তাবিষয়ক ‘ডাকার আন্তর্জাতিক ফোরাম’-এর পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে পররাষ্ট্র দফতর পর্যায়ে পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে দু’দেশ একমত হয়েছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘যৌথ বাণিজ্য কমিশন’ (জেআরসি) গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা। বাংলাদেশ বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, চামড়া ও পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে নিজেদের সক্ষমতা তুলে ধরে সেনেগালের সঙ্গে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপন

সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াং আফ্রিকায় শান্তি রক্ষা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানের প্রশংসা করেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সুবিধাজনক সময়ে তা গ্রহণের আশ্বাস দেন।