Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না: ডাকসু ভিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৭:৩৩

ডাকসু ভিপি সাদিক কায়েম।

ঢাকা: ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি যদি মনে করেন, আপনি ক্ষমতায় এসে যা ইচ্ছা তাই করবেন, জুলাই সনদের অধ্যাদেশ বাতিল করে দেবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ অধিকার অধ্যাদেশ বাতিল করবেন। এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠবেন। আমরা সাবধান করছি এই স্বাধীন বাংলাদেশে আপনাদের সেই ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমরা এখনো অনুরোধ করবো যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন। এ জাতিকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করেন। ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য করছে এই সন্ত্রাসীদের সামলান, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

সাদিক কায়েম আরও বলেন, আজকে যে জুলাইয়ের ওপর ভর করে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি যে নির্বাচন হয়েছে সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাইহোক তারপরও নির্বাচনের পরে যে সরকার এসেছে সেই সরকার জুলাইকে অস্বীকার করে। আজকে সেই দলের ইতিহাস যদি দেখতে পাই তারা সব সময় এ জাতির সাথে প্রতারণা করেছে। ৭৫ এ যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে বিপ্লবীদের সঙ্গে তারা প্রতারণা করেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪ এর জুলাই বিপ্লবীদের সঙ্গে বিপ্লবের আকাঙ্খার সঙ্গে আমরা তাদের প্রতারণা দেখতে পেয়েছি।

তিনি বলেন, আমরা হুশিয়ার করছি, সাবধান করছি, আমরা দৃপ্তকণ্ঠে ঘোষণা করছি, যে জমিনে বিপ্লবীদের রক্ত ঝড়েছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশআল্লাহ। আর যারা শহিদদের সঙ্গে গাদ্দারি করবে, প্রতারণা করবে তারা ধুলোর সাথে মিশে যাবে।

এ সময় তিনি ২৪ এর আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামান করেন। আহতদের জন্য দোয়া করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদসহ ১১দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর