ঢাকা: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, পানির অপর নাম জীবন। পানি আমাদের প্রাণশক্তি, পানি আমাদের সুস্থতা। অথচ দেশের ২৬ ভাগ মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছেন না। সে হিসেবে দেশের ৪ কোটি মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে। আমি মনে করি, বিশুদ্ধ পানি পাওয়া আমাদের সবার অধিকার। তার আগে পানির সঠিক ব্যবহার বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) পানির ন্যায্য ব্যবহার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত ‘বাংলাদেশে পানির অধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আয়োজক সেন্টার ফর স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বিশ্ব পানি দিবস ২০২৬-র প্রতিপাদ্য ‘ওয়াটার এন্ড জেন্ডার: হোয়ার ওয়াটার ফ্লোস, ইকুয়ালিটি গ্রোস’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (এলজিডি), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পলিসি সাপোর্ট শাখা) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
সেমিনারে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমরা যে বোতলজাত পানি পান করছি সেই পানি বিশুদ্ধ কিনা, সুপেয় কিনা সেটার কোন নিশ্চয়তা নেই।’
তিনি আরও বলেন, ‘দিনদিন মিষ্টি পানির সোর্স কমে যাচ্ছে। পানির সঠিক ব্যবহার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। জমির ব্যবহারের ধরনের উপর পানির বিশুদ্ধতা নির্ভর করে। পানি আল্লাহ প্রদত্ত উপহার। সেটাকে দায়িত্ব বোধের মাধ্যমে ব্যবহার করতে হবে।’