ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ রোববার (২৬ এপ্রিল)। সংক্ষুব্ধ প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) কাছে এই আপিল আবেদন জমা দিতে পারবেন।
তফসিল অনুযায়ী, দাখিলকৃত আপিলসমূহ আগামী ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করবে কমিশন। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মে এই আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত ৫০টি আসনের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় শেষ পর্যন্ত ভোটগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
এর আগে, গত ২২ ও ২৩ এপ্রিল দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনের মনোনয়ন বৈধ হয়েছে।
অন্যদিকে, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করেনি ইসি। মূলত এসব বাতিল হওয়া বা ঝুলে থাকা প্রার্থীরাই আজ আপিলের সুযোগ পাচ্ছেন।
বিএনপির জোটের বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের বৈধ প্রার্থীরা হলেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরের সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জি: মারদিয়া মমতাজ সদস্য, জুলাই শহিদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিশের ইঞ্জি: মাহবুবা হাকিম। এই জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হওয়ায়।
এছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।