Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:০৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৭

শেরে বাংলা এ কে ফজলুল হক।

ঢাকা: অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও গণমানুষের নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ এপ্রিল)। ১৯৬২ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন এই নেতা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তা দিয়েছেন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও আলোচনা সভা।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বার্তায় শেরে বাংলাকে বাংলার অবহেলিত কৃষক সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শেরে বাংলাই প্রথম উপলব্ধি করেছিলেন যে বাংলার রাজনীতি ও অর্থনীতি কৃষিনির্ভর। তার দূরদর্শিতার কারণেই কৃষক সমাজের স্বার্থ রাজনৈতিক কাঠামোর অন্তর্ভুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কৃষক-শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়ন এবং প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করেন। একইসঙ্গে শিক্ষার প্রসারে তার অবদান প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করেছে।

বিজ্ঞাপন

ফজলুল হক ছিলেন অখণ্ড ভারতের এক অবিসংবাদিত নেতা, যিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করেছেন। তার রাজনৈতিক আপসহীনতা ও মমত্ববোধ তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। উল্লেখ্য, ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরে জন্মগ্রহণ করা এই মহান নেতা তার বর্ণাঢ্য জীবনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর এবং কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়রসহ অসংখ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে শেরে বাংলার অবদান ছিল অবিস্মরণীয়। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ২১ দফা দাবির প্রণেতা হিসেবে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিত এই নেতার রাজনৈতিক দর্শন ও অসীম সাহস আজও এদেশের মানুষের জন্য প্রেরণার উৎস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর