ঢাকা: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রাক্তন প্রেমিকদের থেকে সংগ্রহ এবং মোবাইল হ্যাক করে এসব সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল একটি চক্র। এই ঘটনায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের থেকে দেড়লাখ নগ্ন ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল।
ইন্তেখাব চৌধুরী বলেন, এ চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। চক্রটি ছাত্রীদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ও ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত এসব এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় র্যাব-৮ ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম এবং হাসিবকে গ্রেফতার করেছে। অধিক তদন্তের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।