Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:১৯

ঢাকা: প্রবল বর্ষণে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসের সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে কলিম উদ্দিন দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবল বর্ষণে সুনামগঞ্জসহ সব হাওর তলিয়ে যাচ্ছে। ধান কাটতে আমাদের কৃষকরা মাঠে লড়াই করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি খুবই উদ্বেগের ব্যাপার। আবহাওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে ৩ দিন আগে এই ৩টি জেলার স্থানীয় প্রশাসনকে আমি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম। আজ সকালেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। প্রবল বর্ষণে সিলেটের তিন জেলা ও ময়মনসিংহের কিছু এলাকা এই সমস্যার সম্মুখীন হয়েছে। এতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে বলেন, সুনামগঞ্জের বিভিন্ন সেতু আগাম বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি নেমে গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

তিনি জানান, সকালেই তিনি এলজিডির প্রধান প্রকৌশলী ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, সুনামগঞ্জ ছাতক হয়ে দোয়ারাবাজার সড়কের ৯৫৫ মিটার চেইনে ৯৫ মিটার একটি সেতুর কাজ শুরু হলেও আগাম বন্যায় সেতু এলাকা তলিয়ে যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় অসমাপ্ত অংশ শেষ করা যায়নি। তবে অন্য প্রকল্পে সেটি অন্তর্ভুক্ত করে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর