ঢাকা: তেল-গ্যাস অনুসন্ধানে দেশের বিভিন্ন স্থানে তিনটি কূপ খনন ও ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানিসহ ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ২৫৯ কোটি ৫৫ লাখ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাপেক্স কর্তৃক ২টি অনুন্ধান (শ্রীকাইল ডিপ-১ এবং মোবারকপুর ডিপ-১) কূপ খননের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। টার্ন-কি ভিত্তিতে কূপ দুটি খনন করবে চীনা প্রতিষ্ঠান ‘সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া টার্ন-কি ভিত্তিতে জ্বালানি তেল উত্তোলনে সিলেট-১২ নং কূপ খননের একটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কূপটি খনন করবে আরেকটি চীনা প্রতিষ্ঠান ‘সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশন’। এতে ব্যয় হবে ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা।
বৈঠকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল (ইএন ৫৯০-১০ পিপিএম মাত্রার) আমদানির একটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ‘মাজদা অয়েল কোম্পানি লিমিটেড’ এ ডিজেল সরবরাহ করেবে। এতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
বৈঠকে অন্যান্যের মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন’ থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার (প্রতি মেট্রিক টন ৩৬৮.১৩ ডলার দরে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা) আমদানি এবং ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মর্ডানাইজেশন’ শীর্ষক প্রকল্পের দুটি প্যাকেজ কাজ সম্পাদনের দুটি পৃথক প্রস্তাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দুটি প্যাকেজে ব্যয় হবে ১৫৬ কোটি ৫ লাখ টাকা এবং ২৭ কোটি ৪২ লাখ টাকা।
এছাড়া চট্টগ্রাম ওয়াসার একটি স্যানিটেশন প্রকল্পে ঠিকাদার নিয়োগ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে হেলথ সার্ভিস প্রজেক্ট বাস্তবায়নে একটি আউট সোর্সিং ফার্ম নিয়োগে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে যথাক্রমে ১১৪ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা এবং ২৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকা।