Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর বিশ্বাস শ্রমজীবী মানুষই দেশের অগ্রযাত্রার চালিকাশক্তি: মাহদী আমিন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৩:১০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রী বিশ্বাস করেন শ্রমজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই শিল্প, কৃষি, অবকাঠামো এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার হলো শ্রমিকের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। শ্রমবান্ধব নীতি ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে সরকার বিশ্বাস করে। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মাহদী আমিন বক্তব্যের শুরুতে ১৮৮৬ সালের শিকাগোর হে-মার্কেট অ্যাফেয়ারে জীবন উৎসর্গকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন শ্রমিকের হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়নের চাবিকাঠি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমবাজার সৃষ্টির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে এক নতুন ভিত্তি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বিএনপি সরকার প্রতিবারই শ্রম আইন সংস্কার, মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের মতো কার্যকর ভূমিকা পালন করেছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিটি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করার যে ধারা, তা আজও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের যুগান্তকারী পদক্ষেপে প্রাধান্য পাচ্ছে।

আন্তর্জাতিক মান বজায় রাখতে বাংলাদেশ আইএলও-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সময়মতো বেতন-ভাতা প্রদান ও নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মাহদী আমিন তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশকে এগিয়ে নিতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে পারস্পরিক সৌহার্দ্যের বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের আন্তরিকতায় নারী ও যুবসমাজের ক্ষমতায়নের পাশাপাশি শ্রমিকদের ক্ষমতায়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কর্মসংস্থান সৃষ্টি ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমেই আগামী বাংলাদেশের টেকসই উন্নয়নের মৌলিক ভিত্তি প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আইএলও কান্ট্রি ডিরেক্টর এবং বিভিন্ন শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পোদ্যোক্তারা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর