ঢাকা: যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথের শক্তি বৃদ্ধিতে প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত দুইজন করে নতুন ‘সাথী’ বা কর্মী সংগ্রহের বিশেষ সাংগঠনিক ফর্মুলা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারলে বিরোধীদের মোকাবিলা করার প্রয়োজন পড়বে না, তারা এমনিতেই পরাজিত হবে।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান তার বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যদি সত্যিই তারেক রহমানকে ভালোবাসেন এবং তাকে সফল করতে চান, তবে আজ নিজের কাছে নিজে সাক্ষী রেখে শপথ নিন, আগামী এক বছরে অন্তত দুইজন নতুন মানুষকে বিএনপির কর্মী হিসেবে গড়ে তুলবেন।’
তিনি হিসাব দিয়ে বলেন, বর্তমানে কোনো ইউনিটে ২০০ সদস্য থাকলে এই ফর্মুলায় এক বছর পর তা ৬০০-তে দাঁড়াবে। এভাবে সারাদেশে শক্তি বৃদ্ধি করলে এই দলকে কেউ কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবে না। উপস্থিত নেতা-কর্মীরা হাত তুলে এই সাংগঠনিক লক্ষ্য পূরণের শপথ গ্রহণ করেন।
শ্রমিকদের অধিকার ও সরকারের প্রতিশ্রুতি প্রসঙ্গে বর্ষীয়ান এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র দুই মাস। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে লেবার কোড প্রণয়ন এবং লেবার ফাউন্ডেশন গঠনের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের পাওনা ও সেবা নিশ্চিত করার কাজ চলছে। বিএনপি শক্তিশালী থাকলে গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ সুরক্ষিত থাকবে উল্লেখ করে তিনি সকলকে তৃণমূল পর্যায়ে সংগঠন গোছানোর নির্দেশ দেন।