ঢাকা: রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে।
শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ভোরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের একটি ভবনে আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কয়েকটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। কক্ষে বেশিরভাগ কাগজপত্র ছিল তাই দ্রুত ভস্মিভূত হয়ে যায়। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অধিদফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার (১ মে) দুপুরে সারাবাংলাকে জানান, ভোরের দিকে কখন আগুন লেগেছে, তা প্রথমে সিকিউরিটি গার্ডরা বুঝতে পারেননি। এ কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। এটি শর্ট সার্কিট থেকে ঘটেছে নাকি ভিন্ন কিছু তা কেউ নিশ্চিত নয়। তদন্তে বোঝা যাবে।
এদিকে, সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন পরীক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি ঘটনার পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন জমা দিতে পুলিশকে তাগিদ দিয়েছেন।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিজি শাহিনা ফেরদৌসী সারাবাংলাকে বলেন, আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।
গুরুত্বপুর্ণ ডকুমেন্টস পুড়ে গেছে সেগুলো কি ছিল জানতে চাইলে ডিজি বলেন, নতুন ভবনটিতে সারাদেশ থেকে আসা বিভিন্ন কাগজপত্র জমা থাকে। বিশেষ করে প্রজেক্টগুলোর কাগজপত্র থাকে। এখন ঠিক কোন কোন কাগজপত্র পুড়ে গেছে তা বলা যাচ্ছে না। বাইরে সিকিউরিটি গার্ড ছিল আর ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।