ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহান মে দিবসের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব আবুল হোসেনের তেলাওয়াতের পর বর্তমানে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। প্রতিকূল আবহাওয়া ও সকালের ভারী বর্ষণের ফলে রাস্তায় কাদা জমে থাকলেও তা উপেক্ষা করেই হাজার হাজার নেতা-কর্মী সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন। তারা তাদের প্রিয় নেতা ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের অপেক্ষায় স্লোগানে স্লোগানে নয়াপল্টন এলাকা মুখরিত করে উঠেছে।
দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম কোনো শ্রমিক সমাবেশে সশরীরে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত বছর তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখলেও এবার সরাসরি তার উপস্থিতি ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, তিনটার পরপরই তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের সামনে লাল কার্পেট বিছানো বিশাল উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে, যার দুই পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
সমাবেশকে ঘিরে ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে যেন দূর থেকেও বক্তব্য শোনা যায়। নেতা-কর্মীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে সমাবেশস্থলে জরুরি স্বাস্থ্যসেবার জন্য চিকিৎসক দল ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে মোবাইল টয়লেটের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। সকালের বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুপুরে নেমে গেলেও সড়কের কাদা মাড়িয়েই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক ও কর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশ নিচ্ছেন।