Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের হাওড়ে একের পর এক ভাঙছে ফসলরক্ষা বাঁধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৪:১৪ | আপডেট: ২ মে ২০২৬ ১৬:০৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের হাওড়ে একের পর এক ভাঙছে ফসলরক্ষা বাঁধ। তাতে হাওড় অঞ্চলের সংকট আরও বেড়েছে।

শনিবার (২ মে) দুপুরে বাঁধ ভেঙে মধ্যনগরের বোয়ালা হাওড়ের ফসল ডুবছে। হাওড়ে ডুবে যাওয়া ধান কাটবেন, নাকি বাঁধ রক্ষা করবেন এই সংকটে পড়েছেন কৃষকরা| দিশেহারা হয়ে কৃষকদের অনেকেই আশা ছেড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২ মে) ভোর থেকে বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে ও মধ্যনগরে। তাতে সোমেশ্বরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবো’র দেওয়া বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ শুরু হয়।

আশপাশের কৃষক ও প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে উপস্থিত হলেও ভাঙনের তীব্রতা ঠেকাতে পারেন নি। স্থানীয় কৃষকরা বাঁধের এই ভাঙনের জন্য পাউবো ও তাদের নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) লোকজনকে দোষারোপ করেছেন। পানির প্রবল বেগ দেখে আশা ছেড়ে দিয়েছেন শত শত কৃষক।

বিজ্ঞাপন

উপস্থিত কৃষকরা বলেছেন, বাঁধের কাজে অবহেলা ছিল। কালভার্টের মুখের এই বাঁধে আড়-প্যালাসেটিং কিছুই দেওয়া ছিল না।

মদ্যনগর গ্রামের কৃষক মুরাদ মিয়া জানান, তার ১৭ কেয়ার জমি কাটার বাকি ছিল। শনিবার দুপুরে ধান কাটা শ্রমিক নিয়ে হাওড়ে গিয়েছিলেন, এ সময় বাঁধ ভেঙে তলিয়ে যায় ফসল।

মধ্যনগর ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন বলেন, হাওড়ে ২০ হেক্টরের মত জমির ধান কাটা হয় নি। এগুলো ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেছেন, হাওড়ের ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধও ভেঙেছে। এজন্য বাঁধ ঠেকানোর চেষ্টা করা হয় নি। এর আগে শুক্রবার বাঁধ ভেঙে এই উপজেলার শালদিঘা হাওড়ে পানি ঢুকছিল। দিনভর চেষ্টার পর ভাঙনের অংশ দিয়ে পানি প্রবেশ আটকানো হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর