যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। শনিবার (২ মে) স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লোরিডার ওরল্যান্ডে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস বিমানের একটি ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। দুবাই হয়ে আগামীকাল সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং এ উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন।
গত ২৫ এপ্রিল জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে।
উল্লেখ্য, নিহত লিমনের জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশ নেন।
এদিকে, একই ঘটনায় নিহত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে। এর পরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের সম্মতি নেয় এবং পিনেলাস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারের কাছে মরদেহটি একই ফিউনারেল হোমে হস্তান্তরের অনুরোধ জানায়।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠাতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করে যাচ্ছে।