Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌছেছেন ৪৩ হাজার ১৯ বাংলাদেশি হজযাত্রী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ১০:০৭

‎ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইটে মোট ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আর এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ৭ জন মৃত্যুবরণ করেছেন।

‎রোববার (৩ মে) রাত ২টা ৫৯ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

‎জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৯৪৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

‎বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

বিজ্ঞাপন

‎ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৪৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

‎হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

‎এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর