ঢাকা: সিঙ্গাপুর থেকে ৩ কার্গো এলএনজি ও ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন আমদানি এবং র্যাবের জন্য গাড়ি ক্রয়সহ ৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ৯৮৫ কোটি ৯৩ লাখ টাকা।
এর বাইরে দুটি পৃথক প্রস্তাবে বেসরকারি দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার পুনঃনির্ধারণ এবং ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ৫টি প্যাকেজের পূর্ত কাজের একটি পৃথক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভেরিয়েশন প্রস্তাবে ব্যয় বাড়ছে ১০ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে তিন (চলতি বছরের ২০, ২১ ও ২২তম) কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ কার্গো তিনটি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার টাকা।
বৈঠকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার কোম্পানি ‘পিটি ট্রিনিটি কেহইয়া এনার্জি’ এ তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।
র্যাবের জন্য ৩ জীপ, ১০০ প্যাট্রল পিকআপ ও ৬০ মাইক্রোবাস
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে র্যাবের সক্ষমতা বাড়াতে ৩টি জীপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
ঢাকা-ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ঢাকা-ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে সাব-স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক কাজের তিনটি পৃথক প্যাকেজের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনটি পৃথক প্যাকেজ কাজের তিনটি পৃথক প্রস্তাবে মোট ব্যয় হবে ২৮৬ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা।
দুই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ হার পুনঃনির্ধারণ
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে বর্তমান বাজার দর অনুযায়ী ‘নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড’ কর্তৃক নির্মিত দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের ট্যারিফ হার পুনঃনির্ধারণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (ইউনিট-২)’-এর পুনঃনির্ধারিত ট্যারিফ হার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘন্টা ৫.৫৪১ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘন্টা ২৩.৬৯৮ টাকা।
আর ‘ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র’-এর পুনঃনির্ধারিত ট্যারিফ হার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘন্টা ৪.৬৫০৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘন্টা ২০.৬৯৬৭ টাকা।
অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া বৈঠকে গণপূর্ত অধিদফতর কর্তৃক রাজধানীর শেরেবাংলা নগরে ৩ বেজমেন্টের একটি ১২ তলা অফিস ভবন নির্মাণে একটি প্যাকেজ কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘কুশলী নির্মাতা লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা।