ঢাকা: নির্বাচন আয়োজন ও তফসিল ঘোষণা প্রক্রিয়া সহজ করতে ‘ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল (ইএমএস)’ নামের নতুন সফটওয়্যার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে এই সফটওয়্যারে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদ করার নির্দেশও দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের।
বৃহস্পতিবার (৭ মে) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
ওই চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের যথাসময়ে তফসিল ঘোষণার সুবিধার্থে নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফট্ওয়্যারে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠানের তারিখ, গেজেট প্রকাশের তারিখ, শপথ গ্রহণের তারিখ ও প্রথম সভার তারিখসহ ওয়ার্ড বিন্যাস, ভোটার তালিকা পুনর্বিন্যাস ও মামলা ইত্যাদি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করে হালনাগাদ করা আবশ্যক।
এতে আরও বলা হয়েছে, নির্বাচনি ক্যালেন্ডার সংক্রান্ত সফট্ওয়্যারে উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। এ অবস্থায় উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা আগামী ১৫ মে এর মধ্যে আবশ্যিকভাবে তথ্য এন্ট্রি নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
উক্ত বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ মনিটরিং করবেন।
সেই সঙ্গে এন্ট্রিকৃত তথ্যের সঠিকতা যাচাই করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাগণ প্রত্যয়ন প্রদান করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ মাঠ পর্যায় থেকে ইএমএস-এর ইলেকশন সিডিউল ম্যানেজমেন্ট মডিউল এ তথ্য এন্ট্রি ও মনিটরিং করার জন্য লিংকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মূলত নির্বাচনি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবং তফসিল নির্ধারণে জটিলতা কমাতেই এই আধুনিক উদ্যোগ নিয়েছে কমিশন।