পটুয়াখালী: কলাপাড়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালে জিয়াউর রহমান সাড়ে ৫ কিলোমিটারের এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৫ বছরে পুনঃখনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল-দূষনে খালটি ভরাট হয়ে যায়। এতে খড়া মৌসুমে অনাবাদি থাকে বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি। খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে তিন ফসলী জমি চাষ সহ ব্যাপক উপকৃত হবেন দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ খালটির দেড় কিলোমিটার খনন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।