Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের আভাস, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই

স্টাফ করেসপন্ডেট
১০ মে ২০২৬ ২১:০০

ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিন চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি আদালতকে জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে মাসুদ উদ্দিনকে একদিন জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চাওয়া হয়। পরে ট্রাইব্যুনাল আগামী ২১ জুলাই দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, একটি মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছিল। গত ৭ মে তাকে গ্রেফতার দেখিয়ে সেফ হোমে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবারের (৯ মে) জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রয়োজন হলে সাবেক এই সেনা কর্মকর্তাকে আরও দুই দিন জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে এবং পুনরায় তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনকে ডি ফ্যাক্টো গভর্মেন্ট হিসেবে বিবেচনা করা হতো এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে তাদের প্রভাব ছিল। তার দাবি, ওই সময় সংঘটিত বিভিন্ন অমানবিক ঘটনা ও মানবতাবিরোধী অপরাধের নেপথ্যেও মাসুদ উদ্দিনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এক-এগারো পরবর্তী সময়ের নানা কর্মকাণ্ডের পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলন দমনের ঘটনাতেও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্তে যেসব তথ্য উঠে আসছে, সেগুলোর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাকে বিভিন্ন মামলায় আসামি করা হবে বলেও জানান তিনি।