Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রা বাণিজ্য অর্থায়ন ব্যয় সীমা ৩ শতাংশ

স্টাফ করসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈশ্বিক অর্থবাজারের চলমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক সুদের হার কাঠামো বিবেচনায় বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি অনুমোদিত আমদানি বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে বাংলা‌দেশ ব্যাংক।

সোমবার (১১ মে) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি বাণিজ্য অর্থায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুদ্রার প্রযোজ্য বেঞ্চমার্ক রেট—যেমন SOFR, Euribor ইত্যাদি—এর ওপর সর্বোচ্চ ৩ শতাংশ মার্ক-আপসহ মোট বার্ষিক খরচ নির্ধারণ করা হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৪ আগস্ট জারি করা এফই সার্কুলার অনুচ্ছেদ ৩৬-এর নির্দেশনার আলোকে এই নতুন সীমা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সুদের হার পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে আমদানি অর্থায়নের ব্যয় কাঠামো আরও নিয়ন্ত্রণে আনা হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট শর্তে ইউসেন্স রফতানি বিল এবং রফতানির বিপরীতে আগাম পেমেন্ট ডিসকাউন্টিংয়ের ক্ষেত্রেও একই সর্বোচ্চ ব্যয়সীমা প্রযোজ্য হবে। অর্থাৎ এসব ক্ষেত্রেও বেঞ্চমার্ক রেটের ওপর সর্বোচ্চ ৩ শতাংশ মার্ক-আপের বেশি নেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নিজ নিজ গ্রাহকদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো