Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন

স্টাফ করেসপন্ডেট
১৩ মে ২০২৬ ১৩:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর তাঁতিবাজার এলাকায় রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উজ্জীন আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ মে কোতোয়ালি থানার তাঁতিবাজার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের কয়েকজন সদস্য হামলা চালায়। এ সময় রিকশাচালক রিপন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৭ আগস্ট তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়, তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগসাজশে আন্দোলন দমন এবং আন্দোলনকারীদের ওপর সহিংসতা চালানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন। হত্যা মামলায় তার বিরুদ্ধে পরিকল্পনা ও ইন্ধনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলেও তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, মো. জাহাঙ্গীর আলম বর্তমানে ডিএমপির লালবাগ থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় কারাগারে আটক রয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানানো হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও বলেন, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন। এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, শুনানি শেষে আদালত আবেদনটি পর্যালোচনায় নিয়েছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর