Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

স্টাফ করেসপন্ডেট
১৩ মে ২০২৬ ১৫:০৩

কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী – ছবি : সংগৃহীত

ঢাকা: পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাহী। পরে উভয়পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তার-এর সঙ্গে তানভীর রাহীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই একটি ‘করোলা ক্রস’ গাড়ি কেনার কথা বলে স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। এমন অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি যৌতুকের দাবিকে কেন্দ্র করে ফাহিমা-কে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায় ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে আবারও ৫০ লাখ টাকা দাবি করেন তানভীর রাহী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তালাকের হুমকি দেন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান বলেও অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে উপায়ান্তর না দেখে ভুক্তভোগী ফাহিমা আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলাটি দায়ের করেন।