Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের নওয়াপাড়ায় হরতাল, স্থবির নৌবন্দর-মহাসড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৬:০০

যশোর: যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার দাবিতে বুধবার (১৩ মে) শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল শুরুর পর থেকেই নওয়াপাড়া শিল্প ও বাণিজ্যিক শহরের চিত্র পালটে গেছে। সকাল থেকে শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। দেশের অন্যতম প্রধান এই নদীবন্দরে পণ্য খালাস ও লোড-আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এদিকে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকরা।

বিজ্ঞাপন

হরতাল সমর্থকরা যশোর-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন। ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে যানবাহনগুলো বিকল্প পথ অবলম্বন করে যাতায়াত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতাল আহ্বানকারী ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শাহ মাহামুদসহ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং নৌবন্দর এলাকায় দীর্ঘদিনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার জানান, অব্যাহতভাবে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবসায়ীরা তটস্থ। সর্বশেষ সবচেয়ে বড় আমদানিকারক হত্যার শিকার হয়েছেন। ফলে এ নৈরাজ্য বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। নইলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর