ঢাকা: ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আগামী ৬ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন।
বুধবার (১৩ মে) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় রায় ঘোষণা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী জুম্মন।
মামলার আসামিরা হলেন অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, মরিয়মের স্বামী লুৎফর, ভাই মোখলেছ ও চান মিয়া ওরফে জাহিদ, জাহিদের স্ত্রী মেরী, আনিছ মাস্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল, হযরত, রিংকু, শরিফ, আওলাদ, কাদের, নেকবর, হাফিজ উদ্দিন ও শিবলু। এদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক রয়েছেন।
এর আগে গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। পরে তা পিছিয়ে ৩১ মার্চ করা হয়। পরবর্তীতে আবার ১৩ মে দিন নির্ধারণ হলেও সেদিনও রায় ঘোষণা হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান ও মরিয়মসহ আসামিদের দীর্ঘদিনের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। সেই বিরোধের জেরে ২০১৭ সালের ২৬ মার্চ বিকেলে মালিকান্দার চকে যাওয়ার পথে ধানক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাঁচ টুকরো করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মো. এরশাদ নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৯ সেপ্টেম্বর ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আরাফাত হোসেন।
পরবর্তীতে ২০১৯ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।