Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে হামের প্রকোপ: দুই মাসে ঝরল ৩১ শিশুর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ০৯:৫৫

সিলেট: সারাদেশের মত সিলেটেও হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় প্রতিটি পরিবার এখন ভয় আতঙ্কে দিন কাটাচ্ছে। সামান্য সর্দি-জ্বর হলেই হতবিহ্বল হয়ে পড়ছে ছোট ছোট দেহগুলো। প্রতিটি মুহূর্তে চলছে জীবন-মৃত্যুর কঠিন লড়াই। আর সেই লড়াইয়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অসহায় পরিবারগুলো।

সিলেটে শেষ চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাটের ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের ১বছর ৪ মাস বয়সী রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সী আরিয়া জান্নাত।

বুধবার (১৩ মে) সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সিলেটের কোটি মানুষের একমাত্র আশ্রয়স্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতাল—হামে আক্রান্ত শিশুদের নিঃশব্দ কান্নার আওয়াজ বাতাস ভারী করে তুলেছে। একদিকে শয্যা সংকট অন্যদিকে রোগী ভর্তির চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সরেজমিন, হাসপাতাল দু’টির শিশু ওয়ার্ডে পা রাখতেই চোখে পড়ে ভয়ংকর চিত্র। বেড সংকটে হাবুডুবু খাচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। একটি বেডে দু’জন কোথাও কোথাও তিনজন শিশুকে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এছাড়াও সন্তানের চিকিৎসা করতে এসে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।

পরিস্থিতি বেগতিক হওয়ায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম আক্রান্তদের জন্য শিশু ওয়ার্ডে ৩২ সিটের একটি নতুন বিশেষ ইউনিট চালু করা হয়েছে। নতুন করে বাড়ানো হয়েছে পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রও। সবমিলিয়ে সিলেটে মোট নিবিড় পরিচর্যা কেন্দ্রের সংখ্যা এখন ২২।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ এ তথ্য নিশ্চিত করে জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় ওসমানী হাসপাতালে স্থান সংকুলান হচ্ছিল না। এজন্য আজ নতুন করে ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে চালু করা হয়েছে একটি বিশেষ ‘হাম আইসোলেশন ইউনিট’। পাশাপাশি ৫ শয্যার আইসিইউ বাড়ানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৮ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর