চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আল মিলিদ্দা আল মোছানা স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ঘটনা ঘটে।
বুধবার (১৩ মে) সকালে কারের ভেতর থেকে লাশ উদ্ধার করেছে ওমান পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) ছোট দুই ভাই শহীদ ও সিরাজ দেশে আসবে বলে বাজার করতে চার ভাই মিলে গাড়িতে করে বের হচ্ছিলো। এ সময় পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাই নিহত হন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করছে না মৃত্যুর কারণ।
প্রতিবেশী মাওলানা ইদ্রিস জানান, মো. রাশেদ (৩৫) বিবাহিত, তার একছেলে ও একমেয়ে রয়েছে। মো. শাহেদ (৩২), মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪) ছোট দুই ভাই দেশে এসে বিয়ে করবে বলে শপিং করতে মলে যাচ্ছিলেন। বুধবার রাতে তাদের ফ্লাইট ছিল।
নিহতরা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার বন্দেরাজার পাড়া এলাকার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে।