ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুই আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আবেদন দুটির শুনানির জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়।
আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসন এবং সারোয়ার আলমগীর চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তাদের দু’জনের প্রার্থিতা নিয়ে আগে থেকেই আইনি জটিলতা চলছিল।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠার পর তার মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে শুনানি হয়। গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে রিট দায়ের করলেও তা খারিজ হয়ে যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে এবং জামায়াত সমর্থিত প্রার্থী আনোয়ার সিদ্দিকীও লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আদালত তখন শর্ত দেন তিনি নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
একই দিনে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধেও লিভ টু আপিল মঞ্জুর করা হয়। তার ক্ষেত্রেও একই ধরনের শর্ত আরোপ করেন আদালত।
পরবর্তীতে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুজনই বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের পূর্বের আদেশের কারণে তাদের আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের অনুমতি চেয়ে তারা পৃথক আবেদন করেন।
এ বিষয়ে জামায়াতপন্থী প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, বৃহস্পতিবার আবেদন দুটির আংশিক শুনানি হয়েছে। আবেদনগুলো নথিভুক্ত করার পর আদালত আগামী ৯ জুন পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছেন।