।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর পল্টুনের ব্রিজের গোড়ার অংশ মাটিতে দেবে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খবর পেয়ে ব্রিজের দেবে যাওয়া অংশে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ।
শনিবার (২৮ জুলাই) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনাসহ বিভিন্ন জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রযেছে। এতে দুভোর্গে পড়েছেন সাধারণ যাত্রীরা। ফেরিঘাটে শিশুখাদ্যসহ সবজিবাহী ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, মোরেলগঞ্জ শরণখোলা থেকে প্রতিদিন কমপক্ষে ৪০টি পরিবহন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা শহরের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় শুক্রবার রাত থেকে ঘাটের পশ্চিম পাড়ে গাড়ির দীর্ঘ জটলা তৈরি হয়েছে।

ফেরি ঘাটের ইজারাদার মো. কবির হোসেন জানান, রোববার বিকেলে ফেরি চালু হওয়ার কথা রয়েছে। চেষ্টা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগে ফেরি চালু করার। সংস্কার কাজ শেষ হলে যেকোন সময় ফেরি চালু করা হবে।
সড়ক ও জনপথ বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, সংশ্লিষ্ট সকলকে ফেরি বন্ধ থাকার বিষয়ে নোটিস ও মাইকিং করে জানানো হয়েছে। তবে আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছি।
সারাবাংলা/এমএইচ