কুমিল্লা: প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভাস্থল ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ উপলক্ষ্যে কয়েকদিন ধরেই সভাস্থলে চলছে মঞ্চ নির্মাণ, মাঠ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। আয়োজকদের দাবি, পথসভায় অন্তত পঞ্চাশ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে।
সরেজমিনে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় দেখা যায়, সভাস্থল ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। কেউ শ্লোগানে মুখর করে তুলছেন পুরো এলাকা, আবার কেউ ব্যস্ত প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রমে। মঞ্চ নির্মাণ শ্রমিকরা দ্রুতগতিতে কাজ করছেন। মাঠের চারপাশে টানানো হচ্ছে নানা রঙের ব্যানার-ফেস্টুন ও শুভেচ্ছা তোরণ। নিচু জায়গাগুলোতে বালু ফেলে সমান করা হচ্ছে যাতে সাধারণ মানুষের চলাচলে সমস্যা না হয়।
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। সড়কদ্বীপ ও বিভাজকে নতুন রঙের প্রলেপ দেওয়ায় পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ স্থানীয় নেতারা। তারা সভাস্থলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রস্তুতি কার্যক্রমের খোঁজখবর নেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই মাঠে দীর্ঘ বছর পর জাতীয় পর্যায়ের বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝেও আগ্রহ বাড়ছে। একই সঙ্গে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ এবং সভাস্থল এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ২০০১ সালে এই মাঠে দলের পক্ষ থেকে তারেক রহমান এসেছিলেন। এবার তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। তাই কুমিল্লাবাসীর মধ্যে আলাদা উচ্ছ্বাস কাজ করছে। আমরা আশা করছি, কুমিল্লার উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লাবাসীর প্রত্যাশা অনেক। প্রধানমন্ত্রী জনগণের সেই প্রত্যাশা পূরণে ইতিবাচক বার্তা দেবেন বলে আমরা বিশ্বাস করি।