ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে আগামীকাল সোমবার (১৮ মে)। রাজধানীর পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এডিপি’র আকার ধরা হয়েছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কাটছাঁট ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে নতুন এডিপি’র আকার বাড়ছে মূলের হিসাবে ৭৮ হাজার কোটি টাকা এবং সংশোধিত বরাদ্দের তুলনায় ১ লাখ ৮ হাজার কোটি টাকা।
জানা যায়, নতুন এডিপিতে মোট ১ হাজার ১৫০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে ৫০ হাজার কোটি টাকা। তবে এটি চলতি অর্থবছরের তুলনায় কম। চলতি বাজেটে এ খাতে মূল বরাদ্দ ছিল ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা।
অন্যান্যের মধ্যে নতুন এডিপি-তে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা, কৃষি কার্ডের জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা এবং মসজিদ ও ধর্মীয় উপাসনালয় খাতে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানা যায়।