Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক রেলমন্ত্রী সুজনকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৫:৫২

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন – ছবি : সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক-এর আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক শামীম হোসেন গত ১৪ মে সুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।

এদিন শুনানির সময় নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ, র‌্যাব এবং বিজিবির সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তীতে হত্যা মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলী এলাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজন-কে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।