Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক ডিবি প্রধান হারুনের ভাইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১৯ মে ২০২৬ ১৬:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ-এর ভাই এবিএম শাহারিয়ার-এর আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদক-এর আবেদনের পর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদক-এর উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদন করে বলেন, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহারিয়ার-এর বিরুদ্ধে প্রায় ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শাহারিয়ার-কে সহায়তা করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

দুদক-এর আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহারিয়ারের সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। পরে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার এবং ভাই এবিএম শাহারিয়ার-এর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় হারুন-এর বিরুদ্ধে প্রায় ১৭ কোটি ৫১ লাখ টাকা, তার স্ত্রীর বিরুদ্ধে ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং শাহারিয়ার-এর বিরুদ্ধে প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো