Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে কড়াকড়ি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যক্তিগত হিসাবে ‘অ্যাড মানি’ সেবায় নতুন নির্দেশনা জারি করেছে বাংলা‌দেশ ব্যাংক। এখন থেকে প্রথমবার কোনো ব্যাংক কার্ড এমএফএস হিসাবে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন সম্পন্ন করতে হবে। সফল লেনদেনের ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি নিয়মিত লেনদেনের জন্য সক্রিয় হবে।

মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

নির্দেশনায় বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ যোগ করার সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িকভাবে চালু হওয়া এই পদ্ধতিতে প্রথমবার কার্ড সংযুক্তির ক্ষেত্রে একটি ছোট অঙ্কের পরীক্ষামূলক বা টোকেন লেনদেন বাধ্যতামূলক থাকবে।

বিজ্ঞাপন

তবে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে গ্রাহকের নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাব নিশ্চিত করা গেলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে ‘অ্যাড মানি’ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তরের বিষয়টি আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না। বরং এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় গ্রাহকের এমএফএস ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছে দৃশ্যমান রাখতে হবে।

নতুন নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ড হতে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখতে হবে বলেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, এমএফএস ব্যক্তিগত হিসাবের অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ২০২৫ সালের ২৭ মার্চ জারি করা পিএসডি সার্কুলার নং-০৫/২০২৫ এর নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর