ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানিসহ জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি দেখিয়ে আর্থিকভাবে প্রতারণা করছে চক্র।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত করে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ প্রদান করে হয়রানিসহ জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি প্রদান করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইন নিয়ন্ত্রণ বিভাগ ও ক্রাইম ইউনিট সেল নামে কোন বিভাগ-শাখা-সেল নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হয় না। বর্ণিত বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্রের এ ধরণের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।