চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ মজুদ ও জ্বালানি পাচার ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার রাত ১১টার দিকে পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি গোপন গুদাম থেকে প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন এবং এসব পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এদিকে, একই রাতে ইপিজেড থানার আকমলআলী সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত তেল ও ট্রাকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।