ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল ধাক্কায় হৃদয় হোসেন (২৬) নামে এক যুবক মারা গেছেন। তিনি উবার চালক ছিলেন।
বৃহস্পতিবার (২১মে) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কার্গো গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান উবার চালক যুবক ।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শওকত আলী বলেন, সকালে বিমানবন্দর কার্গো গেটের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই যুবক। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে প্রথমে কুর্মিটোলা হাসপতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে মৃতের ছোট ভাই মো. রাজিব হোসেন বলেন, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার ঘোষগাঁও গ্রামে। বাবার নাম সাইদুল ইসলাম। বর্তমানে শেরেবাংলানগর নুরহাজী গলিতে থাকেন। হৃদয় উবার চালক ছিলেন। দুই ভাই এক বোনের মধ্যে হৃদয় ছিল বড়।
তিনি আরও বলেন, সকালে প্রাইভেটকার নিয়ে বাসা থেকে বের হয়।মুঠোফোনের মাধ্যমে পরিচয় জানতে পারেন বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছে। এরপর ঢাকা মেডিকেলে এসে এসে ভাইকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানায় জানানো হয়েছে।