ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬৬১ শিশু।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৩ এবং সন্দেহজনক হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৬৬১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ২০৮ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৪২৩ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৫ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪২ হাজার ৩৩৬ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৮৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৪০৫ জন এবং নিশ্চিত হামে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।